জোর করে নতি স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করা হবে: পেজেশকিয়ান
জোরপূর্বক বশ্যতা স্বীকার করানোর উদ্দেশ্যে চালানো কোনো চাপ ইরান মেনে নেবে না এবং সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা অব্যাহত রাখবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
জোরপূর্বক বশ্যতা স্বীকার করানোর উদ্দেশ্যে চালানো কোনো চাপ ইরান মেনে নেবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার অধিকার রক্ষা এবং সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা অব্যাহত রাখবে।
প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) দেওয়া টেলিভিশন ভাষণের তৃতীয় ও চূড়ান্ত পর্বে তিনি এসব কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, "যদি তারা আমাদের জোরপূর্বক বশ্যতা স্বীকার করাতে চায়, আমরা লড়াই করব। আমরা পিছু হটব না, মাথা নত করব না।"
ইসরাইলের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, "যখন আমরা আমাদের অধিকার রক্ষা করতে সক্ষম, তখন কেন আমরা ইসরাইলের কাঙ্ক্ষিত পথে চলব?"
ভাষণে তিনি আবারও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, নিজেদের সার্বভৌম অধিকার রক্ষা এবং সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা উত্তরোত্তর জোরদার করার অবস্থান থেকে ইরান কোনো অবস্থাতেই সরে আসবে না।


