দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের গভীর শোক ও তদন্তের দাবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

Mar 26, 2026 - 12:27
 0  8
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের গভীর শোক ও তদন্তের দাবি
×

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) এক বিবৃতিতে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে ‘বাকরুদ্ধ ও স্তম্ভিত’ হয়েছেন বলে জানান।

​পীর সাহেব চরমোনাই তার বিবৃতিতে বলেন, "এতগুলো যাত্রী নিয়ে একটি বাস নদীতে ডুবে যাওয়ার দৃশ্য আমাদের শিউরে তুলেছে। বাসে থাকা সাধারণ মানুষের পরিণতির কথা ভেবে আমরা গভীরভাবে শোকাহত। আমি দোয়া করি, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন বিপদ সইবার শক্তি দেন।"

​একই সাথে তিনি এই দুর্ঘটনার নেপথ্যে কারো অবহেলা বা পন্টুনের কোনো পদ্ধতিগত ত্রুটি ছিল কিনা, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় দৌলতদিয়া ৩নং ঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে নদীতে তলিয়ে যায়।