ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ঢাকার চারপাশের নৌপথ সচল করা, নদীদূষণ রোধ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ওয়াটার বাস পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রাজধানী ঢাকার চারপাশের ঐতিহাসিক নদীগুলোর দূষণ রোধ, নাব্য ফিরিয়ে আনা এবং বিকল্প গণপরিবহন হিসেবে নৌপথকে পুরোপুরি সচল করার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগ্রহী বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে নদীপথে আধুনিক ‘ওয়াটার বাস’ পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ রোববার (২ আগস্ট ২০২৬) সকাল সাড় ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে রাজধানী ঢাকার চারপাশের চার নদী—বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যার পানির প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিত নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে নদীতীরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যায়ন নিশ্চিত করতে নদীর দুপাশে নির্মিত সীমানা প্রাচীর ও ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে ব্যাপক হারে দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় উপস্থিত শীর্ষ নেতৃত্ব ও কর্মকর্তা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্ববহ সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


