জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

পূর্বের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তৈরি হওয়া সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Aug 8, 2026 - 17:33
 0  3
জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
×

জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত দিনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই সংকট তৈরি হয়েছে এবং বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা করছে।

​শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সমাবেশে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয়। এই চক্র কৌশলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।"

​তিনি আরও বলেন, সরকার অস্বীকার করছে না যে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। তবে বিগত সময়ে কোনো বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে যেসব অপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছিল, তারই খেসারত এখন দিতে হচ্ছে। ভঙ্গুর অর্থনৈতিক ও প্রশাসনিক অবস্থার মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার এসব সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে দ্রুত মানুষকে ভোগান্তি থেকে মুক্ত করা যায়।

​ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে এবং পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।