আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ শেষ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের নাগরিকরা। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় পরিবারের অন্য সদস্যদের মরদেহসহ খামেনির কফিন রাখা হয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ শেষ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের সাধারণ নাগরিকরা। এই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে তেহরানে লাখ লাখ ভক্ত ও অনুরাগীর সমাগম ঘটেছে। উপস্থিতির দিক থেকে খামেনির জানাজা ইরানের ইতিহাসে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
আজ শনিবার (৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘মেহের নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভক্ত ও অনুরাগীদের বিপুল অংশগ্রহণের সুবিধার্থে তেহরানের ঐতিহাসিক ‘ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা’ আজ ভোর সকাল ৬টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তেহরানসহ দেশের বিভিন্ন শহর ও দূরবর্তী প্রদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ ইতিমধ্যেই গ্র্যান্ড মোসাল্লার দিকে রওনা হয়েছেন। হাজার হাজার মানুষকে রাস্তায় এবং দাফন অনুষ্ঠান শুরুর জন্য নির্ধারিত স্থানগুলোতে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করতে দেখা গেছে।
সাত দিনব্যাপী দাফনের ঐতিহাসিক আনুষ্ঠানিকতা:
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ইরান ও ইরাকের অন্তত পাঁচটি পবিত্র শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুলাই) থেকে এই ঐতিহাসিক আনুষ্ঠানিকতা শুরু হয়।


