জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রুহুল কবির রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের স্মারকমঞ্চে রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়।’ একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেন।
জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান বিশ্বের অন্যতম বড় গণজাগরণ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ঐতিহাসিক ত্যাগের বিচারে জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। শেখ হাসিনা নিজে মুক্তিযুদ্ধে যাননি, ওনার স্বামীও যাননি—তারা শুধু দেখেছেন। এ জাতির ভেতরের সাহসের যে অমিত শক্তি, তার পরিমাপ তিনি করতে পারেননি।”
গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের আয়োজনে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে জামায়াতে ইসলামীর দলীয়করণের রাজনীতির তীব্র সমালোচনা করে রিজভী বলেন, “জামায়াত ক্ষমতায় আসলে নিয়োগের ক্ষেত্রে সালফিউরিক এসিডের মধ্যে ডুবিয়ে পরীক্ষা করে দেখবে প্রার্থী জামায়াত কর্মী কি না। তারা ক্ষমতায় এলে যে মাত্রায় দলীয়করণ করবে, তা অতীত ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “বর্তমানে একটি পক্ষ শেখ হাসিনার মতোই ভাষায় কথা বলছে এবং সমাজে ঘৃণা তৈরি করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সে সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল।”
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতানুল আহমেদ রাহী-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননীয় অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন উপ-উপাচার্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


