জামায়াতের ছায়া মন্ত্রিসভাকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই’: রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর ছায়া মন্ত্রিসভা গঠনকে স্বাগত জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন তিনি।

Jul 6, 2026 - 22:22
 0  3
জামায়াতের ছায়া মন্ত্রিসভাকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই’: রুমিন ফারহানা
×

জামায়াতে ইসলামী যদি দলগতভাবে দেশে একটি ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠন করে থাকে, তবে সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, “বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ছায়া মন্ত্রিসভা গঠনের একটি চমৎকার ও কার্যকর রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। জামায়াতের মাধ্যমে এটি আমাদের দেশেও চালু হলো, যা ইতিবাচক।”

​আজ সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সরকারি সমাবেশ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছায়া মন্ত্রিসভাকে সাধুবাদ:

জামায়াতের এই নতুন রাজনৈতিক কৌশল প্রসঙ্গে রুমিন ফারহানা আরও বলেন, “তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে ছায়া জবাবদিহিতার কাজ করে, তবে তা দেশের জন্য মঙ্গলজনক। সরকারের কোন মন্ত্রণালয় কোথায় কী ভুল করছে এবং কী করলে দেশের জন্য আরও ভালো হয়—তারা যদি নিয়মিত সেই গঠনমূলক ফিডব্যাক দিতে পারে, তবে আমার মনে হয় অবশ্যই এই ছায়া মন্ত্রিসভা সবার সাধুবাদ পাওয়ার যোগ্য।”

শেখ হাসিনার ফেরা ও আইনি প্রক্রিয়া:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার ক্ষেত্রে আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশের নাগরিক, তিনি আসতেই পারেন। তবে দেশে ফিরলে তাঁকে প্রচলিত আইন অনুযায়ী আদালতে সারেন্ডার (আত্মসমর্পণ) করতে হবে এবং জামিন চাইতে হবে। এটা আমাদের দেশের সাধারণ ফৌজদারি কার্যবিধি বা নরমাল সিআরপিসি (CrPC) প্রক্রিয়া। দেশে ফিরলে অবশ্যই তাঁকে এই আইনি ধাপগুলো অনুসরণ করতে হবে।”

​এর আগে সরাইল উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় তাঁর সাথে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।