শেরপুরের নকলায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের উপর ছাত্রদলের হামলা
শেরপুর জেলার নকলা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরকে পাওনা টাকা চাওয়ায় শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নকলা উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নকলা উপজেলা শাখা।

অভিযোগে জানা যায়, পাওনা টাকা চাইতে গেলে নকলা পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ ও তাঁর ছোট ভাই সুমন মো. মনিরুজ্জামান মনিরের ওপর চড়াও হন। এ সময় তাঁকে থাপ্পড়, ঘুষি, কিল-লাথিসহ শারীরিকভাবে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হলে তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, নকলা উপজেলা শাখার পক্ষ থেকে বলা হয়, একজন মানুষের নিজের পাওনা টাকা চাওয়া কোনো অপরাধ নয়। আর্থিক কোনো বিরোধ থাকলে তা আলোচনা, সালিশ কিংবা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু পাওনা টাকা চাওয়ার কারণে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে নকলা উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তারা আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব যেন আইনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। অন্যায়কে প্রশ্রয় নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।


