মসজিদে নববীতে নতুন দায়িত্ব পেলেন শায়খ ড. আহমদ আল-হুযাইফি
মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়াবলির প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফিকে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধানের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সৌদি আরবের ঐতিহাসিক মসজিদে নববীতে ধর্মীয় ও প্রশাসনিক সেবা আরও বেগবান করতে এক নতুন প্রশাসনিক রদবদল করা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার শায়খ অধ্যাপক ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস এক নতুন সিদ্ধান্তের মাধ্যমে শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফিকে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধানের সহকারী (Assistant to the Head of Religious Affairs) হিসেবে নিয়োগ দিয়েছেন।
সম্প্রতি প্রেসিডেন্সির পক্ষ থেকে জারি করা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই পদায়নের ঘোষণা নিশ্চিত করা হয়েছে। (সূত্র: হারামাইন আর্কাইভ)
ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি সূত্রে জানা গেছে, এই নিয়োগের মূল উদ্দেশ্য হলো প্রেসিডেন্সির প্রশাসনিক ও দ্বীনি-ইলমি শিক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং পবিত্র মসজিদে নববীতে আগত বিশ্বজুড়ে লাখ লাখ মুসল্লি ও জিয়ারতকারীদের ধর্মীয় সেবার সার্বিক মান বৃদ্ধি করা।
ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির পক্ষ থেকে আরও জানানো হয়, সৌদি রাজকীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী হারামাইন শরিফাইন এবং সেখানে আগত মেহমানদের জন্য সর্বোচ্চ স্তরের বিশ্বমানের সেবা নিশ্চিত করার নিয়মিত চেষ্টার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন পদায়নের ফলে ধর্মীয় কার্যক্রমের প্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রযুক্তিগত রূপান্তর ও সেবার গুণগত মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


