রামিসা, আছিয়াসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শরীয়াহ আইনে দ্রুত বিচার করতে হবে -শেখ ফজলে বারী মাসউদ
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা ও আছিয়াসহ সাম্প্রতিক সকল ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আল্লাহ প্রদত্ত শরীয়া আইনের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ।
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আছিয়াসহ সকল ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের আল্লাহ প্রদত্ত শরীয়া আইনের মাধ্যমে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
গত ১৯ মে (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। শাখা সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় থানা, ওয়ার্ড ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিটিশ আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন:
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, "পল্লবীতে সাত বছরের নিষ্পাপ শিশু রামিসার ওপর যে পাশবিক ও নৃশংস ঘটনা ঘটেছে, তা পুরো সভ্য সমাজকে স্তব্ধ করে দিয়েছে এবং গভীরভাবে ভাবিয়ে তুলছে। মানবরচিত পুরোনো ব্রিটিশ আইন আমাদেরকে কোনোভাবেই এ ধরনের ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। বরং বস্তুবাদী এই আইনের নানা ফাঁকফোকর দিয়ে অপরাধীরা কীভাবে পার পেয়ে যাবে, ব্রিটিশ আইন সেই পথই খোলা রেখেছে।"
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আজ রামিসা নৃশংসতার শিকার হয়েছে, কাল আমার বা আপনার কন্যাসন্তানও এমন পরিস্থিতির বলি হতে পারে। পশ্চিমাদের তৈরি করা আইনি কাঠামো দিয়ে ধর্ষণ ও হত্যাকাণ্ড রোধ করা সম্ভব নয়—এটি বারবার প্রমাণিত হয়েছে। বর্তমানে সামাজিক অবক্ষয় ও পচন এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই প্রজন্মকে বাঁচাতে হলে মূল থেকে এর সঠিক চিকিৎসা করতে হবে। একমাত্র আল্লাহ প্রদত্ত শরীয়া আইনই সমাজে মানুষের জানমালের প্রকৃত নিরাপত্তা ও স্থায়ী শান্তি ফিরিয়ে দিতে পারে।"
নিরাপত্তা পরিস্থিতি ও সরকারের প্রতি আহ্বান:
স্বামী-স্ত্রীর বিকৃত যৌন লালসার শিকার হয়ে শিশু রামিসা হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ক্রমান্বয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় অবনতি হচ্ছে। তিনি বর্তমান ক্ষমতাসীন সরকারকে সাধারণ মানুষের মাঝে কেবল কার্ড বিতরণ করার রাজনীতি না করে, নাগরিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অবক্ষয় রোধে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দল-মত নির্বিশেষে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, "আর কত রামিসার রক্তে আমাদের চারপাশ রঞ্জিত হবে? আজ যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়াই, তবে কাল আমাদের নিজের সন্তানও এই সমাজে নিরাপদ থাকবে না।"


