মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড়, উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর মূর্তির মুখে ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Jul 2, 2026 - 11:20
 0  4
মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড়, উত্তপ্ত পশ্চিমবঙ্গ
×

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্যটির পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ঘটনাটিকে কেবল একটি বিচ্ছিন্ন বিষয় না ভেবে এর পেছনে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ রয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছে দলটি।

​ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-র প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১ জুলাই) সকালে কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা মহাত্মা গান্ধীর মূর্তিটি মুখ ও হাত কালো কাপড়ে বাঁধা অবস্থায় দেখতে পান। উল্লেখ্য, ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভা এই মূর্তিটি স্থাপন করেছিল। খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মূর্তির শরীর থেকে কালো কাপড় সরিয়ে ফেলে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং সর্বস্তরের মানুষ এর তীব্র নিন্দা জানাচ্ছেন।

সিসিটিভি ফুটেজে যা দেখা গেল:

ঘটনার বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক (এসডিও) রীনা ঘোষ জানান, মূর্তির সুরক্ষায় ওপরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এক গৃহহীন ব্যক্তি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেন। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

তীব্র নিন্দা রাজনৈতিক দলগুলোর:

কাটোয়ার সাবেক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যারা এই কাজ করেছে তারা স্পষ্টতই দেশবিরোধী। সিসিটিভি ফুটেজ দেখে তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

​একই সুর শোনা গেছে বিরোধী শিবিরের কণ্ঠেও। পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি অনিল দত্ত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেন। তিনিও প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

​‘গান্ধীজিকে যারা ভয় পায়, তারাই এ কাজ করেছে’ — কংগ্রেস:

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন:

​“এই কাজ সাধারণ কোনো দুষ্কৃতকারী হঠাৎ করে করেনি। হঠাৎ তারা গান্ধীজিকে কেন বেছে নিল? পরিষ্কার বোঝা যাচ্ছে, এর পেছনে বড় একটি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড় বেঁধে তাঁর আদর্শ, নীতি বা তিনি যে অহিংসার পথ দেখিয়েছেন, তা কখনোই মুছে ফেলা যাবে না।”

​তিনি আরও যোগ করেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা আসলে মনে মনে গান্ধীজিকে ভয় পায়। তারা হয়তো বাপুজির মূর্তির মুখ ঢেকেছে, কিন্তু এর মাধ্যমে আসলে তারা নিজেদের কুৎসিত মুখই জাতির সামনে ঢেকেছে। কারণ জাতির জনক শুধু ভারতের নয়, সারা বিশ্বের পথপ্রদর্শক।”

​কংগ্রেস সভাপতি অবিলম্বে প্রশাসনের কাছে ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সংগৃহীত আলামতের ভিত্তিতে ঘটনার তদন্ত ও প্রকৃত অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।