আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়িতে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর উদ্বোধন করেছেন। আধুনিক ও ইসলামি শিক্ষার মেলবন্ধনে নৈতিক জাতি গঠনের তাগিদ দিয়েছেন তিনি।
আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সঠিক সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন করা সম্ভব নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে সেনাপ্রধান বলেন, “আমাদের বর্তমান ধারার মূল শিক্ষার ভেতরে ইসলামিক মূল্যবোধের ঘাটতি থেকে যাচ্ছে, অন্যদিকে ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষায় আধুনিক আধুনিক জ্ঞান ও কারিগরি দক্ষতার অভাব দেখা যায়। ফলে ইসলামি শিক্ষায় শিক্ষিত বড় একটি অংশের সমাজে কার্যকর ও পেশাদার ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে। তাই সময়ের চাহিদাকে মাথায় রেখে আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি এবং ইসলামিক মূলনীতির সুষম সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি।”
ভবিষ্যৎ প্রজন্মের দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “আজ যদি আমরা শিক্ষাব্যবস্থাকে সঠিক ও সময়োপযোগী মডেলে গড়ে তুলতে পারি, তবে আগামী ৩০ বছর পর দেশ একটি সুস্থ, আদর্শ ও উচ্চ নৈতিকতাসম্পন্ন জাতি উপহার পাবে।”
ইনস্টিটিউটের পাঠদান পদ্ধতি সম্পর্কে সেনাপ্রধান জানান, নবপ্রতিষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের মূল লক্ষ্যই হলো মূল্যবোধ ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো। প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ সম্পূর্ণ আন্তর্জাতিক ক্যামব্রিজ কারিকুলাম (Cambridge Curriculum) অনুসরণ করে পরিচালিত হবে।
একযোগে আরও ৭টি ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানের এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভিডিও টেলিকনফারেন্সিংয়ের (VTC) মাধ্যমে দেশের অন্য সাতটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল—বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর-এ আরও ৭টি 'আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের' ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।


