গ্রেফতার করতে বাসায় পুলিশ, পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

বরিশালে একাধিক রাজনৈতিক মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন পুলিশি গ্রেফতার এড়াতে এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে পালাতে গিয়ে মাথায় আঘাত ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Jun 21, 2026 - 20:53
 0  3
গ্রেফতার করতে বাসায় পুলিশ, পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু
×

বরিশালে পুলিশি গ্রেফতার এড়াতে এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে লাফ দিয়ে এবং দেয়াল টপকে পালাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম রাশেদ খান মেনন (৫০)।

​আজ রোববার (২১ জুন) দুপুরে বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​নিহত রাশেদ খান মেনন বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বরিশাল সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশের অভিযান ও আত্মগোপনের চেষ্টা:

কাউনিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের এই নেতা রাশেদ খান মেননের বিরুদ্ধে একাধিক সহিংসতা ও রাজনৈতিক মামলা রয়েছে। এছাড়া তিনি সাম্প্রতিক সময়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আজ দুপুরে তাঁকে গ্রেফতারের উদ্দেশ্যে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ দল পশ্চিম কাউনিয়ায় তাঁর বাসভবনে অভিযান চালায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই খবর পেয়ে রাশেদ আত্মগোপনের চেষ্টা করেন।

এক ছাদ থেকে অন্য ছাদে লাফ:

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ তাঁকে গ্রেফতার করতে আসছে—এমন খবর পেয়ে রাশেদ আতঙ্কিত হয়ে দ্রুত নিজের ভবনের ছাদে উঠে যান। এরপর নিজের ছাদ থেকে পাশের প্রতিবেশী আওয়ামী লীগ নেতা আতিকের ভবনের ছাদে প্রাণভয়ে লাফিয়ে পড়েন। সেখান থেকে আবার নিচে লাফ দিয়ে বাড়ির সীমানা দেয়াল টপকান।

​দেয়াল টপকানোর পর পার্শ্ববর্তী একটি গোরস্তানের ভেতর দিয়ে প্রতিবেশীর বাড়ির কাঁচা সড়ক ধরে দৌড়ে পালানোর সময় তিনি পা পিছলে সজোরে মাটিতে পড়ে যান। স্থানীয়রা জানান, পালানোর সময় তিনি মাথায় মারাত্মক আঘাত পান। এছাড়া তিনি আগে থেকেই তীব্র হৃদরোগে (হার্ট ডিজিজ) আক্রান্ত ছিলেন।

হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু:

নিহত রাশেদের বড় ছেলে সাহেল জানান, “ঘটনার সময় আমি বাড়ির বাইরে ছিলাম। বাবা দৌড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন—এমন খবর পেয়ে আমি দ্রুত ছুটে আসি। এসে দেখি প্রতিবেশীরা বাবাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলছেন। এরপর আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

​কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশের একটি টিম নিয়মিত মামলার আসামি হিসেবে রাশেদ খান মেননকে গ্রেফতার করতে তাঁর বাসায় গিয়েছিল। তবে পুলিশ বাসায় গিয়ে তাঁকে পায়নি। পরে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি পুলিশ আসার খবর পেয়ে ছাদ থেকে লাফিয়ে ও দেয়াল টপকে পেছনের রাস্তা দিয়ে পালানোর সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।”

​পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।