ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল বিকেএম

ভারতে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রোববার ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। আমির মাওলানা মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

May 9, 2026 - 19:09
 0  5
ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল বিকেএম
×

ভারতে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আগামী রোববার (১০ মে) রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। শনিবার (৯ মে) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে আমির মাওলানা মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন।

উদ্বেগ ও নিন্দা:

বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মুসলমানদের ওপর চলমান নিপীড়ন, উচ্ছেদ অভিযান এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন মামুনুল হক। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ ও ঈদগাহে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একইভাবে আসামে মুসলিম জনগোষ্ঠীর বসতবাড়ি ধ্বংসের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।”

কূটনৈতিক উদ্যোগের আহ্বান:

সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ, ওআইসি এবং বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বিকেএম আমির। তিনি অভিযোগ করেন, ভারতের বর্তমান হিন্দুত্ববাদী সরকার ও প্রশাসনের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি:

বৈঠকে মধ্যপ্রাচ্যের গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মজলিস নেতারা। তারা বলেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। অবিলম্বে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করা এবং মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।

​বিক্ষোভ কর্মসূচিটি সফল করতে রোববার দুপুর ২টায় বায়তুল মোকাররম উত্তর গেটে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ তৌহিদী জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

​#খেলাফত_মজলিস #মামুনুল_হক #ভারত #মুসলিম_নিধন #বিক্ষোভ #ঢাকা #বাংলাদেশ #রাজনীতি #PressPoint