দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার (২১ ২১ জুন) আসামির উপস্থিতিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রিমান্ড আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আজ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের রিমান্ড আবেদনে যা বলা হয়েছে:
দুদকের দেওয়া রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা ধার্য থাকলেও, আসামিরা সাধারণ শ্রমিকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করেন।
আবেদনে আরও বলা হয়, আসামিরা রিক্রুটকৃত অসহায় শ্রমিকদের অবৈধভাবে আর্থিক ক্ষতি সাধন করে বিভিন্ন ধাপে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা অতিরিক্ত আদায় করেছেন। পরবর্তীতে এই বিপুল পরিমাণ অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত্ত, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। এই অপরাধে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও অর্থ উদ্ধারের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
উল্লেখ্য, এর আগে গত ২২ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে একটি নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় দফায় দফায় রিমান্ডপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।


