ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে তিনি এনসিপি এবং চলমান সরকারবিরোধী আন্দোলন নিয়ে কড়া সমালোচনা করেন।

Aug 4, 2026 - 13:44
 0  3
ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর
×

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর।

​গত সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​বক্তব্যে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং বাস্তবিক অর্থে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা। এখন দেখা যাচ্ছে নানা ভিডিও বের হচ্ছে। তারা পাগল হয়ে সরকারি দলের নেতা কিংবা আমরা যারা জোটে আছি—আমাদের বিভিন্ন কুরুচিপূর্ণ ফটোকার্ড বানাচ্ছে আর বিভ্রান্তিকর ভিডিও তৈরি করছে।”

​দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারবিরোধী কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “এই মুহূর্তে রাজপথের বিশৃঙ্খলা বা আন্দোলন-সংগ্রামের রাজনীতি দেশের সাধারণ জনগণ কোনোভাবেই পছন্দ করছে না। ১৭ বছরের দীর্ঘ দৈত্য-দানবীয় ফ্যাসিবাদকে জনগণ রাজপথে নেমে হাটিয়েছে। এখন একটি নতুন সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই যারা সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দিচ্ছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।”

​নুর প্রশ্ন তুলে বলেন, “ধরা যাক এ মুহূর্তে সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর দেশ ও রাষ্ট্র কে চালাবে? সেরকম কোনো বিকল্প রূপরেখা কি কারো আছে? এই মুহূর্তে একটি জটিল ভূ-রাজনৈতিক সংকটে (Geo-political crisis) বাংলাদেশকে সঠিক নেতৃত্বে এগিয়ে নেওয়ার জন্য বিএনপি সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

এনসিপি প্রসঙ্গে কঠোর বক্তব্য

​বক্তব্যে এনসিপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী নুর বলেন, “এনসিপি বর্তমানে দেশের রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। তারা আজকে বিরোধী দলে আছে, তাদের উচিত আগে রাজনীতি শেখা। তাদের কর্মকাণ্ড বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে, তা না হলে দেশে আরও বড় সংকট তৈরি হবে।”

​তিনি আরও অভিযোগ করেন, “এনসিপি নিজেদের বুদ্ধি বা শক্তিতে রাজনীতি করছে না। গণঅভ্যুত্থানের শেষদিকে যখন ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটি বিশেষ বিদেশি গ্রুপ তাদের ওপর ভর করেছে। এখন তাদেরকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করার ফায়দা লোটা হচ্ছে। এই বিষ ফোঁড়ার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”