চাঁদাবাজির মামলার পর বগুড়ার এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি

চাঁদাবাজির মামলার পর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বগুড়া জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে দুই কার্যদিবসের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Aug 4, 2026 - 21:08
 0  5
চাঁদাবাজির মামলার পর বগুড়ার এনসিপি নেতা শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি
×

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে তাকে দুই কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় তাকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জমা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, সম্প্রতি বগুড়ায় এক যুবককে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় শওকত ইমরানসহ পাঁচজনকে আসামি করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয় এনসিপি।