দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক: ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারীতে এক অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক কৃষক। বিএনপি সরকার সবসময় কৃষিবান্ধব নীতি গ্রহণ করে।

Jun 20, 2026 - 23:55
 0  2
দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক: ভূমি প্রতিমন্ত্রী
×

দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই সত্যটি গভীরভাবে অনুধাবন করেছিলেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছিলেন।”

​শনিবার (২০ জুন) বিকেল ৫টায় হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিবান্ধব সরকারের নানা উদ্যোগ:

​প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল বলেন, বর্তমান বিএনপি সরকার যে কৃষিবান্ধব, তার প্রমাণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সিদ্ধান্ত। তিনি প্রান্তিক কৃষকদের উৎসাহ ও স্বস্তি দিতে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করেছেন।

​তিনি আরও উল্লেখ করেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বিশাল বোঝা মাথায় নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করলেও কৃষকদের স্বার্থে কোনো আপস করা হয়নি। সরকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’-এর ব্যবস্থা করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা অত্যন্ত সুলভ মূল্যে সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ পাবেন এবং ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতি উপজেলায় একটি করে ‘মিনি হিমাগার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান সমাচার:

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী শাখা আয়োজিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন। এতে স্থানীয় কৃষি কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং প্রান্তিক কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।