সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Aug 4, 2026 - 15:58
 0  3
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ
×

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

​এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। আকস্মিক এই দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে পুরো উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধার কাজ ও বর্তমান পরিস্থিতি

​তদন্ত কমিটির সদস্য ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত সিল্কসিটি ট্রেনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন বেলা ১১টার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

​তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করবে। তবে লাইন মেরামত ও উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।