ইস্তফায় অনড় মমতা: পশ্চিমবঙ্গে আজ রাতেই জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন

বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে ইস্তফা দিতে অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার রাত ১২টার পর পশ্চিমবঙ্গে ব্যতিক্রমীভাবে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা তৈরি হয়েছে।

May 7, 2026 - 11:09
 0  1
ইস্তফায় অনড় মমতা: পশ্চিমবঙ্গে আজ রাতেই জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন
×

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় হলেও ফলাফলকে ‘পরাজয়’ হিসেবে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয় অস্বীকার করে তিনি রাজভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন। এর ফলে ভারতের সংসদীয় গণতন্ত্রে তৈরি হয়েছে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট।

মেয়াদ শেষ ও সাংবিধানিক জটিলতা:

ভারতীয় সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, আজ ৭ মে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বর্তমান সরকারের মেয়াদ চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে। আইন অনুযায়ী, মেয়াদের পর এক মুহূর্তও বিদায়ী সরকার ক্ষমতায় থাকতে পারে না। সাধারণত নির্বাচনের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ‘কেয়ারটেকার’ হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু মমতা ইস্তফা না দেওয়ায় সেই স্বাভাবিক পথটি রুদ্ধ হয়ে গেছে।

২৪ ঘণ্টার রাষ্ট্রপতি শাসন:

বিজেপি নেতৃত্ব আগামী ৯ মে শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন নতুন সরকারের শপথ গ্রহণের সময় নির্ধারণ করেছে। প্রবীণ আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, মমতা পদত্যাগ না করলে আজ মধ্যরাত থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। আগামীকাল ৮ মে পুরো দিন রাজ্যে এই শাসন বহাল থাকার সম্ভাবনা রয়েছে, যা ভারতের ইতিহাসে একটি বিরল ঘটনা।

তামিলনাড়ুর সাথে পার্থক্য:

তামিলনাড়ুতেও ডিএমকে সরকারের মেয়াদ বুধবার শেষ হয়েছে এবং সেখানেও নতুন সরকার শপথ নেয়নি। তবে পশ্চিমবঙ্গের সাথে এর বড় পার্থক্য হলো, পরাজয়ের পর এম. কে. স্ট্যালিন পদত্যাগ করেছেন এবং রাজ্যপাল তাকেই কেয়ারটেকার সরকারের দায়িত্ব দিয়েছেন। বাংলায় মমতা ইস্তফা না দেওয়ায় রাজ্যপাল তাকে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

আইনজ্ঞদের অভিমত:

ভারতের বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন, মেয়াদ শেষ হয়ে গেলে মমতা আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। রাজ্যপাল চাইলে আজই তার ইস্তফা দাবি করতে পারেন। তিনি যদি পদত্যাগ না করেন, তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।

​ইতোমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নবনির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। এখন দেখার বিষয়, আজ মধ্যরাতের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তে অটল থাকেন নাকি সাংবিধানিক সংকট এড়াতে পদত্যাগ করেন।

​#WestBengalPolitics #MamataBanerjee #PresidentsRule #BengalElection2026 #ConstitutionOfIndia #KolkataNews #PoliticalCrisis #PressPoint